মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের চাঁদনীঘাট এলাকা থেকে যাত্রী সেজে একটি সিএনজিচালিত অটোরিকশা রিজার্ভ নিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় চালককে হাত-পা বেঁধে পানিতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
জানা যায়, চাঁদনীঘাট এলাকা থেকে কয়েকজন ব্যক্তি যাত্রী পরিচয়ে একটি সিএনজি অটোরিকশা রিজার্ভ নেন। পরে তারা চালককে মুন্সিবাজারের হলধিকুর এলাকায় নিয়ে যায়। সেখানে গিয়ে দুর্বৃত্তরা চালকের হাত-পা বেঁধে পানিতে ফেলে রেখে সিএনজি নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন চালকের চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া চালক বর্তমানে শারীরিকভাবে নিরাপদ রয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
