![]() |
| ফাইল ছবি |
পুলিশের ভাষ্য অনুযায়ী, একদল ব্যক্তি মাগুরা শহরে অবস্থিত সাকিবের পৈতৃক বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং দুটি পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে বাড়ির উপরের তলায় আগুন লেগে যায় এবং কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। তবে ঘটনাকালে বাড়িটিতে কেউ অবস্থান করছিলেন না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রয়টার্স জানায়, হামলার বিষয়ে সাকিব আল হাসানের প্রতিক্রিয়া জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন সাকিব আল হাসান। একই অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বক্তব্যে জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরতে চান। একই সঙ্গে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি জানান।
উল্লেখ্য, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান। তবে ওই বছরের ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি দেশের বাইরে অবস্থান করছেন।
বর্তমানে সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা, আত্মসাৎ, প্রতারণা ও অর্থপাচারসহ একাধিক অভিযোগে তদন্ত চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, "আমি আমার জনগণের কাছে ফিরে আসব। আমাকে কারাগারে পাঠানো হতে পারে, এমনকি হত্যা করা হতে পারে। তবুও আমি দেশে ফিরব।"
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার ওই ভার্চুয়াল সংবাদ সম্মেলনের নিন্দা জানিয়ে একে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর বলে উল্লেখ করেছে। পাশাপাশি, ভারত থেকে এ ধরনের রাজনৈতিক বক্তব্য প্রচারের সুযোগ দেওয়া হলে তা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতের নয়াদিল্লিতে অবস্থান করছেন। বাংলাদেশ সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন করেছে। ভারত জানিয়েছে, বিষয়টি তাদের আইনগত প্রক্রিয়া অনুযায়ী বিবেচনাধীন রয়েছে।
এদিকে ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত সহিংসতা দমনের ঘটনায় শেখ হাসিনাকে অনুপস্থিত অবস্থায় মৃত্যুদণ্ড দেয়। তবে শেখ হাসিনা এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন
