মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নে “সেক্রিফাইস গ্রুপ পতনঊষার”-এর উদ্যোগে এতিম কোরআনে হাফেজ শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে এতিম হাফেজ শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি ও পায়জামা বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের সম্মানে এক আন্তরিক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। অতিথিরা এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য আয়োজকদের প্রশংসা করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে এবং তাদের ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
