![]() |
| নিহত জুলাইযোদ্ধা জুবায়ের |
সোমবার (১৫ জুন) গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু জোবায়ের দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের ভুল্লিরহাট এলাকার বাসিন্দা এবং রাজধানীর Manarat International University-এর আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জোবায়ের পড়াশোনার পাশাপাশি একজন দক্ষ বিতার্কিক ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ছিলেন। বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি তিনি জুলাই গণআন্দোলনেও ভূমিকা রেখেছিলেন।
জানা গেছে, তিনি ঢাকার মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় খালার বাসায় থেকে লেখাপড়া করতেন। সোমবার রাতে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে রিকশাযোগে এক বন্ধুর বাসায় যাওয়ার পথে Bangladesh University-এর নিকট একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশার অন্য দুই আরোহী সামান্য আহত হলেও জোবায়ের গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে Shaheed Suhrawardy Medical College Hospital-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে আরও জানা যায়, আবু জোবায়ের ২০১৪ সালে সরকারবিরোধী আন্দোলনে নিহত সালাউদ্দিন আহমেদের ছোট ভাই। এক যুগ আগে রাজনৈতিক সহিংসতায় বড় ছেলেকে হারানোর শোক কাটিয়ে উঠতে না উঠতেই পরিবারের মেঝ সন্তান জোবায়েরের মৃত্যুতে আবারও গভীর শোক নেমে এসেছে।
স্থানীয়দের ভাষ্য, জোবায়ের ছিলেন অত্যন্ত মেধাবী, বিনয়ী ও সমাজসচেতন একজন তরুণ। তিনি Birganj Government Pilot High School থেকে মাধ্যমিক এবং Parbatipur Cantonment Public School and College থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। শিক্ষাজীবনে মেধা ও শিষ্টাচারের জন্য শিক্ষক-সহপাঠীদের কাছে ছিলেন অত্যন্ত সমাদৃত।
দুর্ঘটনার পর তার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হলে শেষ শ্রদ্ধা জানাতে স্বজন, বন্ধু, সহপাঠী ও এলাকাবাসীর ঢল নামে। বিকেল ৫টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অসংখ্য বন্ধু, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষী গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।
