 |
ছবি : সংযুক্ত কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর এলাকায় মনু নদী থেকে উত্তোলিত বালু অবৈধভাবে বিক্রি, মজুদ ও পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানকালে এক ইউপি সদস্য ও তার ছেলেকে অর্থদ- এবং অপর এক ব্যক্তিকে কারাদ- দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি রাস্তা দখলমুক্ত করে সীমানা নির্ধারণ করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকাল থেকে দুপুর তিনটা পর্যন্ত উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর এলাকায় মনু নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস। অভিযানে শরীফপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য লাল মিয়া ও তার ছেলেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং নিজ বাড়িতে বালু মজুদ রাখার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মোঃ মাসুম মিয়া নামে এক ব্যক্তিকে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। |
অভিযান চলাকালে পূর্বে জব্দ করা বালুর সঙ্গে নতুন করে জব্দ করা বালুও স্থানীয় ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়। একই অভিযানে শরীফপুর ইউনিয়নের একটি সরকারি রাস্তা দখলমুক্ত করে সড়কের সীমানা (ডিমার্কেশন) নির্ধারণ করে দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, মজুদ ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় কোনো ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া জব্দকৃত বালু জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলোচনা করার পর বিধি অনুযায়ী বালু নিলামের ব্যবস্থা গ্রহণ করা হবে।